তৃণমূলকে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের সঙ্গে তুলনা করে শিলিগুড়িতে তোপ দাগলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ – এবেলা
এবেলা ডেস্কঃ
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে তুলনা করে তীব্র আক্রমণ শাণালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন নিজের অনশন কর্মসূচি ভঙ্গ করার সময় তিনি বলেন, নেতাজি যেভাবে আপসহীনভাবে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন, বর্তমান বাংলার শাসকদলের আধিপত্যবাদের বিরুদ্ধেও ঠিক একইভাবে সংগ্রাম চালিয়ে যেতে হবে। অনশন থেকে প্রাপ্ত শক্তিকে পাথেয় করে এই লড়াই আরও জোরদার করার ডাক দেন তিনি।
একইসঙ্গে রাজনৈতিক পরিবর্তনের ভবিষ্যৎ ইঙ্গিত দিয়ে শঙ্কর ঘোষ মন্তব্য করেন যে, তারা যখন আগামীতে সরকার গঠন করবেন, তখন যেন বিরোধীদের আজকের এই পরিস্থিতির সম্মুখীন হতে না হয়। গণতান্ত্রিক কাঠামোয় বিরোধীদের গুরুত্বের কথা মাথায় রেখে এবং বর্তমান রাজনৈতিক দশা থেকে শিক্ষা নিয়ে তিনি এই বিশেষ উপলব্ধির কথা প্রকাশ করেন। তাঁর এই কড়া রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে উত্তরের রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

