তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দশ অঙ্গীকার’ – এবেলা
এবেলা ডেস্কঃ
কালীঘাটে দলের ইশতেহার প্রকাশ করে ১০টি প্রধান অঙ্গীকার ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি জানান, আগামী দিনে রাজ্যে দুয়ারে চিকিৎসার মতো নতুন স্বাস্থ্য পরিষেবা চালু হবে এবং কয়েক হাজার সরকারি স্কুলের আধুনিকীকরণসহ শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়া লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি কাঁচা বাড়ি পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
কৃষি ও যুবসমাজের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে ৩০ হাজার কোটি টাকার পৃথক কৃষি বাজেট এবং যুবকদের জন্য বিশেষ ভাতার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি একাকী প্রবীণদের জন্য নতুন প্রকল্প এবং রাজ্যে আরও সাত-আটটি নতুন জেলা ও পুরসভা গঠনের পরিকল্পনা রয়েছে শাসকদলের। গত কয়েক বছরে দারিদ্র্য দূরীকরণ ও বেকারত্ব হ্রাসে রাজ্যের সাফল্যের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী পাঁচ বছরে ৪০ লক্ষ কোটি টাকার অর্থনীতি গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তৃণমূল। তবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রায় ২ লক্ষ কোটি টাকার বকেয়া আটকে রাখার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই অর্থ না পাওয়ায় রাজ্যের কাজে বাধা সৃষ্টি হচ্ছে। বাংলার মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেসের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

