তৃণমূলের প্রার্থী তালিকা আসতেই ফাসিঁ দেওয়ায় রণক্ষেত্র! জাতীয় সড়ক অবরোধ করে চরম হুঁশিয়ারি চা শ্রমিকদের – এবেলা
এবেলা ডেস্কঃ
শিলিগুড়ি: ২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই উত্তরবঙ্গের রাজনীতিতে আছড়ে পড়ল বিক্ষোভের ঢেউ। ফাসিঁদেওয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রার্থী রিনা টোপ্পো এক্কার নাম মানতে নারাজ স্থানীয় আদিবাসী চা শ্রমিকরা। রবিবার বিকেলে শিলিগুড়ি-কলকাতা ২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রার্থীর নাম বদলের দাবিতে সরব হন কয়েকশো শ্রমিক। তাঁদের দাবি, রিনা টোপ্পোর বদলে মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কাকে প্রার্থী করতে হবে।
স্তব্ধ উত্তরবঙ্গের লাইফলাইন
এদিন বিধাননগর সংলগ্ন ডাঙ্গাপাড়ায় শ্রমিকদের অতর্কিত পথ অবরোধে স্তব্ধ হয়ে যায় ২৭ নম্বর জাতীয় সড়ক। মাইলের পর মাইল ট্রাক ও যাত্রীবাহী বাসের সারি দাঁড়িয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের সাফ কথা, “আমরা দিদির একনিষ্ঠ সমর্থক, কিন্তু প্রার্থী নির্বাচনে দল ভুল করেছে। রোমা রেশমি এক্কাকে আমরা বিপদে-আপদে পাশে পাই, কিন্তু রিনা টোপ্পোকে তো চিনিই না!” দাবি না মানলে নির্বাচনের দিন ‘অন্য পথে’ হাঁটার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
তৃণমূলের পাল্টা দাবি ও বিজেপির কটাক্ষ
বিক্ষোভের এই আঁচ গায়ে মাখতে নারাজ ফাসিঁদেওয়ার তৃণমূল কো-অর্ডিনেটর কাজল ঘোষ। তিনি জানান, শীর্ষ নেতৃত্ব সবদিক খতিয়ে দেখেই প্রার্থী ঠিক করেছেন এবং বর্তমানে দলীয় সংগঠন অত্যন্ত মজবুত। অন্যদিকে, শাসকদলের এই কোন্দল নিয়ে বিদ্রুপ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপি প্রার্থী দুর্গা মুর্মুর দাবি, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে বলেই তাদের অন্তর্কলহ আজ রাস্তার মোড়ে চলে এসেছে। প্রার্থী নিয়ে এই অসন্তোষ আসন্ন ভোটের বাক্সে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

