তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, আনুগত্যের পুরস্কার পেলেন কুণাল ঘোষ – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ বিধানসভা নির্বাচনে বেলেঘাটা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা অন্যতম প্রধান মুখপাত্র কুণাল ঘোষ। দীর্ঘদিনের বিধায়ক পরেশ পালের পরিবর্তে এবার এই হেভিওয়েট আসনে তাঁর ওপর আস্থা রেখেছে জোড়াফুল শিবির। টিকিট পাওয়ার পর কুণাল ঘোষ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে স্পষ্ট করেছেন যে, দলের অনুগত সৈনিক হিসেবে তিনি যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত।
কুণাল ঘোষের রাজনৈতিক জীবন নানা ঘাত-প্রতিঘাত ও উত্থান-পতনের সাক্ষী। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত থেকে শুরু করে কারাবাস এবং দলের অভ্যন্তরে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলেও তিনি কখনও আদর্শচ্যুত হননি। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচন কিংবা আরজি কর আবহে দলের কঠিন সময়ে সামাজিক মাধ্যম ও টেলিভিশন বিতর্কে একা হাতে বিরোধীদের মোকাবিলা করেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, তাঁর এই প্রশ্নাতীত আনুগত্য ও লড়াইয়ের স্বীকৃতি দিল তৃণমূল নেতৃত্ব।
বেলেঘাটা আসনটি গত নির্বাচনে বড় ব্যবধানে জিতেছিল শাসকদল, যা সাংগঠনিকভাবে তাদের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে লড়াইকে হালকাভাবে নিতে নারাজ প্রাক্তন এই রাজ্যসভা সাংসদ। তিনি জানিয়েছেন, বরাবরই কঠিন পরিস্থিতির মোকাবিলা করে অভ্যস্ত তিনি, তাই নির্বাচনী ময়দানেও পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। কুণাল ঘোষের প্রার্থীপদ দলের কর্মীদের মধ্যেও নতুন উন্মাদনা সৃষ্টি করেছে, যা উত্তর কলকাতার রাজনৈতিক সমীকরণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

