তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশে কলকাতায় অমিত শাহ, নিউ টাউনে শ্বেতপত্র ঘিরে চড়ছে পারদ – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ‘চার্জশিট’ বা শ্বেতপত্র প্রকাশ করতে শুক্রবার রাতেই ঝটিকা সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে রওনা হয়ে রাত ১১টা ৪০ মিনিটে তাঁর কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা। বিমানবন্দর থেকে সরাসরি নিউ টাউনের একটি হোটেলে যাবেন তিনি এবং সেখানেই রাত্রিযাপন করবেন। তাঁকে স্বাগত জানাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
শনিবার দুপুর ১২টায় নিউ টাউনের হোটেল থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির তৈরি করা অভিযোগনামা বা ‘চার্জশিট’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন শাহ। দলীয় সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনামলে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের ‘অবনতি’ নিয়ে ১৪টি মূল পয়েন্ট এই শ্বেতপত্রে তুলে ধরা হবে। মূলত নির্বাচনী ইস্তাহার প্রকাশের আগে শাসকদলের ‘ব্যর্থতা’ জনসমক্ষে আনাই এই সফরের প্রধান উদ্দেশ্য, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও অন্তর্ভুক্ত থাকতে পারে।
সাংবাদিক বৈঠক শেষে শনিবার দুপুর ১টা ২০ মিনিট নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর এই সফর ঘিরে কলকাতায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেড প্লাস ক্যাটেগরির সুরক্ষাপ্রাপ্ত শাহের সফরকালে পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এই শ্বেতপত্র প্রকাশের মাধ্যমেই রাজ্যজুড়ে বিজেপির নির্বাচনী প্রচারে বাড়তি গতি আসবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

