তৃণমূলের ১৫ বছরের শাসনে ‘শাহি চার্জশিট’: দুর্নীতির পর্দাফাঁস করতে আজ ময়দানে অমিত শাহ – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক পারদ চড়িয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ১৫ বছরের শাসনের ‘চার্জশিট’ পেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার নিউ টাউনের একটি হোটেলে আয়োজিত সংবাদিক বৈঠকে এই বিস্তারিত নথি প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং আইন-শৃঙ্খলার অবনতির মতো একাধিক গুরুতর ইস্যু এই প্রতিবেদনে স্থান পেয়েছে বলে বিজেপি সূত্রে খবর।
বিজেপির দাবি অনুযায়ী, প্রায় ৪০ পৃষ্ঠার এই নথিতে নিয়োগ দুর্নীতি, নারী নিরাপত্তা, সিন্ডিকেট রাজ এবং শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সংকটের মতো ১৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে তুলে ধরা হয়েছে। এছাড়া কয়লা ও বালি পাচারের মতো অবৈধ কারবার রুখতে কড়া পদক্ষেপের আশ্বাসও থাকছে এই দলিলে। শুক্রবার রাতে ঝড়ের কারণে কলকাতায় পৌঁছাতে দেরি হলেও, পূর্বঘোষিত সূচি মেনেই আজ বিকেলে এই ‘চার্জশিট’ জনসমক্ষে আনবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনের আগে তৃণমূলের ব্যর্থতাগুলোকে জনমানসে তুলে ধরাই বিজেপির মূল লক্ষ্য। এরপর এপ্রিলের প্রথম সপ্তাহে দলীয় ইস্তেহার প্রকাশ করে বিকল্প শাসনের রূপরেখা দেবে গেরুয়া শিবির। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা হবে ৪ মে। নির্বাচনের এই চূড়ান্ত লড়াইয়ে অমিত শাহের এই রণকৌশল কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

