লেটেস্ট নিউজ

তৃণমূলের ১৫ বছরের শাসনে দুর্নীতির পর্দা ফাঁস করতে অমিত শাহের ‘শাহি চার্জশিট’ – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার নিউ টাউনের একটি হোটেলে আয়োজিত সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনকালকে কাঠগড়ায় তুলে প্রায় ৪০ পৃষ্ঠার একটি ‘চার্জশিট’ পেশ করতে চলেছেন তিনি। এই নথিতে প্রশাসনিক ব্যর্থতা, নারী নিরাপত্তা ও সিন্ডিকেট রাজের মতো ১৪টি গুরুত্বপূর্ণ ইস্যুকে প্রাধান্য দেওয়া হয়েছে।

বিজেপি সূত্রের খবর, এই চার্জশিটে নিয়োগ দুর্নীতি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার সংকট এবং কর্মসংস্থানের অভাবের মতো বিষয়গুলি বিশদভাবে তুলে ধরা হয়েছে। কয়লা ও বালি মাফিয়া দমনে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতির পাশাপাশি গত দেড় দশকের অব্যবস্থাপনার পরিসংখ্যানও প্রকাশ করবে গেরুয়া শিবির। ঝড়ের কারণে কলকাতায় পৌঁছাতে দেরি হলেও নির্ধারিত কর্মসূচি মেনেই এই নথি প্রকাশ করছেন শাহ।

রাজনৈতিক মহলের মতে, দুই দফার নির্বাচনের আগে এই চার্জশিট প্রকাশ করে জনমত গঠনের কৌশল নিয়েছে বিজেপি। এর পরেই এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বিকল্প রূপরেখা দেবে তারা। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যের ২৯৪টি আসনে ভোটগ্রহণ এবং ৪ মে ফলাফল ঘোষণা হবে। নির্বাচনের এই চূড়ান্ত লগ্নে বিজেপির এই আক্রমণাত্মক অবস্থান রাজনৈতিক সমীকরণকে আরও উত্তপ্ত করে তুলল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *