তৃণমূলে টিকিট জল্পনা: মলয়ের ডানা ছাঁটলেন মমতা, শ্রমের দৌড়ে ঋতব্রত – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়োসড়ো রদবদল ঘটল শাসকদল তৃণমূলে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আইনমন্ত্রীর পদ খোয়াতে হয়েছে আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটককে। অভিযোগ, জলপাইগুড়ি বার কাউন্সিল নির্বাচনে দলীয় গোষ্ঠীকোন্দলে ইন্ধন দিয়েছিলেন তিনি। শীর্ষ নেতৃত্বের এই কঠোর সিদ্ধান্তে রাজনৈতিক মহলে এখন মূল প্রশ্ন— আসন্ন ভোটে মলয় ঘটক কি আদৌ টিকিট পাবেন?
অন্যদিকে, রাজ্যসভায় প্রার্থী না হওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূল ফের ক্ষমতায় এলে শ্রম দপ্তরের দায়িত্ব পেতে পারেন এই শ্রমিক নেতা। স্বাভাবিকভাবেই মলয় ঘটকের ছেড়ে যাওয়া পদের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসছে তাঁর নাম। দলের অন্দরে জল্পনা, পূর্ণেন্দু বসুর মতো মলয়কেও কি এবার নির্বাচনী লড়াই থেকে সরিয়ে রাখা হবে?
তবে তৃণমূলের দীর্ঘদিনের সঙ্গী মলয়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত নরম মনোভাব দেখাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া অবস্থানের কারণে টিকিট প্রাপ্তি এবং পরবর্তী মন্ত্রিসভায় স্থান পাওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। টিকিট বন্টনের চূড়ান্ত তালিকা ঘোষণার পরেই স্পষ্ট হবে এই প্রবীণ নেতার রাজনৈতিক ভবিষ্যৎ।

