থানার ভেতর স্ত্রীর সঙ্গে রোমান্টিক রিলস! চরম বিপাকে ইনস্পেক্টর – এবেলা
এবেলা ডেস্কঃ
রাঁচি: পুলিশের উর্দিতেই থানার ভেতর স্ত্রীর সঙ্গে রোমান্টিক ভিডিও শুট করে বিতর্কে জড়ালেন ঝাড়খণ্ডের এক পুলিশ আধিকারিক। পালামৌ জেলার হুসাইনাবাদ থানার ইনচার্জ সোনু চৌধুরীর এই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই বিভাগীয় তদন্তের মুখে পড়েছেন তিনি।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ইনস্পেক্টর সোনু চৌধুরী গানের তালে নাচছেন এবং নিজের পুলিশের টুপিটি খুলে স্ত্রীর মাথায় পরিয়ে দিচ্ছেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই প্রশাসনের অন্দরে শোরগোল পড়ে যায়।
হুসাইনাবাদ সাব-ডিভিশনের পুলিশ আধিকারিক (SDPO) মোহাম্মদ ইয়াকুব জানিয়েছেন, সরকারি দফতর এবং থানার মতো সংবেদনশীল জায়গায় এমন ব্যক্তিগত ভিডিও বানানো যায় কি না, তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জেলা পুলিশ সুপার রিশমা রামেশান কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, ইউনিফর্ম ব্যবহারের নীতি লঙ্ঘন এবং শৃঙ্খলাভঙ্গের প্রমাণ মিললে ওই আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

