দক্ষিণ কলকাতায় পানীয় জল বিভ্রাট: ভোগান্তিতে বেহালা-টালিগঞ্জ – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী শনিবার, ৩১ জানুয়ারি গার্ডেনরিচ জলপ্রকল্পের সংস্কার কাজের জন্য বেহালা, টালিগঞ্জ এবং গড়িয়াসহ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। পুর অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিম জানান, ৮ থেকে ১৬ নম্বর বোরোর অধীনে থাকা বুস্টার পাম্পিং স্টেশনগুলোতে জরুরি মেরামতির কারণে এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার পর থেকে পরিষেবা ব্যাহত হলেও রবিবার সকাল থেকে পুনরায় জল সরবরাহ স্বাভাবিক হবে। পাইপলাইনের ফাটল মেরামত ও অপচয় রোধে এই পদক্ষেপ নিচ্ছে পুরসভা। ভোগান্তি এড়াতে বাসিন্দাদের আগেভাগেই প্রয়োজনীয় জল মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

