দলবদলের জেরে সংসারে ভাঙন? জল্পনা উড়িয়ে মুখ খুললেন প্রতীক-পত্নী শিরিন
সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ছাত্র রাজনীতির পরিচিত মুখ প্রতীক উর রহমান। এই রাজনৈতিক পটপরিবর্তনের পরেই সামাজিক মাধ্যমে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। নেটিজেনদের একাংশের দাবি, আদর্শগত পার্থক্যের কারণে স্ত্রী শিরিন সুলতানার সঙ্গে প্রতীকের চরম বিবাদ শুরু হয়েছে এবং অভিমানে ঘর ছেড়েছেন শিরিন।
বামপন্থী রাজনীতির সতীর্থ হিসেবে পরিচিত এই দম্পতির ব্যক্তিগত জীবনে ফাটল ধরার খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা হয়েও প্রতীকের তৃণমূলপ্রীতি মেনে নিতে পারেননি শিরিন। তবে এই সমস্ত জল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। শিরিন স্পষ্ট জানিয়েছেন, ঘর ছাড়ার খবরটি কেবলই রটনা।
বর্তমানে ছড়িয়ে পড়া পোস্টগুলোর সত্যতা অস্বীকার করে শিরিন সুলতানা জানান, তাঁদের অমঙ্গলাকাক্ষীরাই পরিকল্পিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে। প্রসঙ্গত, গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রতীকের দলবদলের পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। তবে যাবতীয় বিতর্ক ও কুৎসা পাশ কাটিয়ে শিরিন তাঁর অবস্থানে অনড় রয়েছেন।

