দলাই লামার ঝুলিতে গ্র্যামি! বেজিংয়ের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বমঞ্চে অনন্য সম্মান তিব্বতি ধর্মগুরুর
নয়াদিল্লি: বিশ্বসংগীতের মহাতারকাদের ভিড়ে এবার উজ্জ্বল তিব্বতি ধর্মগুরু দলাই লামার নাম। ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে ‘বেস্ট অডিয়ো বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে শ্রেষ্ঠত্বের শিরোপা পেলেন তিনি। তাঁর জনপ্রিয় অডিয়ো অ্যালবাম ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশন অব হিজ হলিনেস দ্য দলাই লামা’-র জন্য এই আন্তর্জাতিক সম্মাননা পান ৯০ বছর বয়সি এই আধ্যাত্মিক নেতা। তবে এই সাফল্যে খুশি হওয়ার বদলে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে চীন।
বেজিংয়ের সাফ দাবি, এই ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি ব্যবহার করে তিব্বতি ধর্মগুরু ‘চীন বিরোধী কার্যকলাপ’ বৃদ্ধি করতে পারেন। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান এক কড়া বিবৃতিতে জানান, দলাই লামা ধর্মের আড়ালে বিচ্ছিন্নতাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। তবে সমালোচনার মুখেও অবিচল ধর্মগুরু। তাঁর মতে, এই পুরস্কার ব্যক্তিগত জয় নয়, বরং শান্তি, করুণা এবং বিশ্বভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি নতুন মাধ্যম মাত্র।

