দল বদলেছে আগেই এবার পাল্টে যাচ্ছে হুমায়ুন কবীরের দলের নাম – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের দাপুটে নেতা তথা বিধায়ক হুমায়ুন কবীরের নতুন রাজনৈতিক দলের নাম নিয়ে তৈরি হলো চরম জটিলতা। নির্বাচন কমিশনের আপত্তিতে শেষ মুহূর্তে নিজের তৈরি দলের নাম বদলে ফেলতে বাধ্য হচ্ছেন তিনি।
জানা গেছে, হুমায়ুন কবীর তার দলের নাম রেখেছিলেন ‘জেইউপি’ বা ‘জনতা উন্নয়ন পার্টি’। কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে, এই একই নামে অন্য একজন ব্যক্তি ইতিপূর্বেই একটি দলের নাম নথিভুক্ত করে রেখেছেন। রুহুল আমিন নামের এক ব্যক্তি আগেই ‘জেইউপি’ নামটি দখল করে নেওয়ায় এখন বিপাকে বিধায়ক।
গত বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে গিয়ে এই বাধার মুখে পড়েন তিনি। তবে দমে যাওয়ার পাত্র নন হুমায়ুন। সূত্রের খবর, কমিশনের নির্দেশ মেনে এবং আইনি জটিলতা এড়াতে তিনি এখন দলের নাম সামান্য পরিবর্তনের কথা ভাবছেন। সম্ভবত ‘জনতা উন্নয়ন পার্টি’-র আগে ‘আম’ শব্দটি বসিয়ে দলের নতুন নাম হতে চলেছে ‘আম জনতা উন্নয়ন পার্টি’।
খুব শীঘ্রই নতুন নামে ফের আবেদন জমা দেবেন এই বর্ষীয়ান রাজনীতিক। দলের নাম পরিবর্তন হলেও রাজনৈতিক ময়দানে তার লড়াই যে আগের মতোই তেজালো থাকবে, সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি।

