লেটেস্ট নিউজ

দাদু ও বাবার কবরের ওপর ঘর তোলার নেশা! বাধা দিতেই দাদাকে কোদালের কোপে নৃশংস ‘খুন’ ভাইয়ের – এবেলা

এবেলা ডেস্কঃ

পৈতৃক ভিটেয় দাদু আর বাবার কবরের ওপর কি না পাকা ঘর তোলার জেদ! আর সেই পবিত্র স্থানের মর্যাদা রক্ষা করতে গিয়েই নিজের খুড়তুতো ভাইয়ের হাতে প্রাণ হারালেন দাদা। চাঞ্চল্যকর এই রক্তক্ষয়ী ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়া পঞ্চায়েতের ফরাজি পাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম আব্দুস সালাম মণ্ডল (৫৭)।

ঘটনার নেপথ্যে রয়েছে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আনোয়ার মণ্ডল সম্প্রতি বাংলা আবাস যোজনার ঘর তৈরির টাকা পেয়েছিলেন। সেই টাকায় তিনি তাঁর দাদু ওমেজ মণ্ডল এবং বড় কাকা ওহাব মণ্ডলের কবরের জায়গার ওপর পাকা ঘর নির্মাণের তোড়জোড় শুরু করেন। বুধবার বিকেলে ওই কবরের জমিতে মাটি কাটার সময় বাধা দিতে আসেন তাঁরই খুড়তুতো দাদা আব্দুস সালাম।

মৃতের মেয়ে মাম্পি খাতুনের দাবি, কবরের ওই জমির বদলে আনোয়ারকে আগেই অন্যত্র জমি ছেড়ে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও তিনি গায়ের জোরে কবরের ওপর ঘর তুলতে যাচ্ছিলেন। বচসা চলাকালীন আচমকাই মেজাজ হারিয়ে হাতে থাকা কোদাল দিয়ে সালামের মাথায় সজোরে আঘাত করেন আনোয়ার। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সালাম। তাকে দ্রুত সাদিখাঁরদিয়াড় গ্রামীণ হাসপাতালে এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

এই ঘটনার পর থেকেই অভিযুক্ত আনোয়ার পলাতক। ডোমকলের এসডিপিও শুভম বাজাজ জানিয়েছেন, কবরের জমি নিয়ে বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে। গ্রামের বাসিন্দারা এই ঘটনায় স্তম্ভিত। প্রাক্তন প্রধান সুখচাঁদ আলির মতে, আনোয়ারের হঠকারিতা আর সামাজিক রীতিনীতি না মানার ফলেই আজ একটি পরিবারের কোল খালি হলো। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা থাকায় পুলিশি টহল জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *