দিয়েগো গার্সিয়ায় ইরানের মিসাইল হামলা, রণকৌশল বদলে সরাসরি যুদ্ধে ব্রিটেন – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান থেকে ৪০০০ কিলোমিটার দূরে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটিতে শুক্রবার রাতে দুটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। এই অভাবনীয় দূরপাল্লার আক্রমণে বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে, কারণ ইরানের হাতে এত দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল থাকার বিষয়টি আগে অজানাই ছিল। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা গেলেও অন্যটি দ্বীপে আঘাত হেনেছে।
এই হামলার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ দ্রুত বদলে গিয়েছে। দীর্ঘদিনের অনীহা কাটিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ব্রিটেন নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিয়েছেন। ফলে ইরান বিরোধী অভিযানে সরাসরি আমেরিকার পাশে দাঁড়িয়ে যুদ্ধে জড়িয়ে পড়ল ব্রিটেন। ইরান ইতিপূর্বেই সতর্ক করেছে যে, মধ্যপ্রাচ্যের বাইরেও শত্রুদেশের বিনোদন কেন্দ্র ও পর্যটন এলাকাগুলো এবার তাদের লক্ষ্যবস্তু হতে পারে।
এদিকে, ইজরায়েল কর্তৃক ইরানের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে বোমাবর্ষণের বদলা নিতে তেহরানও তাদের হামলা তীব্রতর করেছে। শুক্রবার ইরানি রেভল্যুশনারি গার্ডের মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাইনি নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে, যা ইরানের সামরিক নেতৃত্বের জন্য বড় ধাক্কা। উদ্ভূত পরিস্থিতিতে আমেরিকা ওই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও মেরিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় সংঘাত আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

