লেটেস্ট নিউজ

দিলীপ ঘোষের ‘অ্যাটাক’ হুঁশিয়ারি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনের দ্বারস্থ তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপি নেতা তথা খড়্গপুর সদরের প্রার্থী দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ হুঙ্কার দেন, শশী পাঁজার বাড়ির মতো কালীঘাট, চেতলা বা মদন মিত্রের বাড়িতেও আক্রমণ হতে পারে। তৃণমূল নেতাদের ‘ক্যালানোর’ হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, দিলীপ ঘোষের এই ধরনের উস্কানিমূলক বক্তব্য নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, এই মন্তব্য সাধারণ ভোটারদের মধ্যে ভীতি প্রদর্শন এবং গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার শামিল। তৃণমূল নেতৃত্ব অবিলম্বে এই বিষয়ে নির্বাচন কমিশনের কঠোর হস্তক্ষেপ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

পাল্টা প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ অবশ্য তৃণমূলের এই পদক্ষেপকে আমল দিতে নারাজ। বুধবার খড়্গপুরে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকাকালীন তিনি কটাক্ষ করে বলেন, তৃণমূল নেতারা নির্বাচন কমিশনে রোজ চা খেতে যেতেই পারেন, তাতে তাঁর কিছু যায় আসে না। কমিশন সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে এই বাগযুদ্ধকে কেন্দ্র করে খড়্গপুরসহ গোটা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সরগরম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *