দিল্লিতে এলপিজি সিলিন্ডার নিয়ে হাহাকার, আতঙ্কিত গ্রাহকদের প্যানিক বুকিং শুরু – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার জেরে দিল্লিতে এলপিজি সিলিন্ডার নিয়ে তীব্র সংকট তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মজুতদারি ও কালোবাজারি রুখতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে ন্যূনতম ২৫ দিনের ব্যবধান বাধ্যতামূলক করেছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সরবরাহের আশ্বাস দেওয়া হলেও, সাধারণ মানুষের মধ্যে ‘প্যানিক বুকিং’ বা আতঙ্কিত হয়ে আগাম সিলিন্ডার সংগ্রহের প্রবণতা তুঙ্গে উঠেছে।
রাজধানীর বিভিন্ন গ্যাস এজেন্সিতে গ্রাহকদের ফোন ও বুকিংয়ের ভিড় উপচে পড়ছে। অনেক এলাকায় নতুন নিয়ম কার্যকর হওয়ায় পুরোনো বুকিংয়ের স্লিপ জেনারেট হচ্ছে না, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পশ্চিম দিল্লির বেশ কিছু ডিস্ট্রিবিউটর জানিয়েছেন, গত কয়েকদিন ধরে চাহিদার তুলনায় সিলিন্ডারের জোগান অনিয়মিত হয়ে পড়েছে। এর ফলে রান্নার গ্যাসের কালোবাজারি বৃদ্ধির অভিযোগও সামনে আসছে।
সবচেয়ে বেশি সংকটে পড়েছেন রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকরা। পাইপলাইনের গ্যাস নেই এমন এলাকায় বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহ বন্ধ থাকায় ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক বাজারে যুদ্ধ পরিস্থিতির কারণে বিমা ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় এই অস্থিরতা তৈরি হয়েছে। বর্তমানে সাধারণ গ্রাহক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী, সকলেই ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন।

