লেটেস্ট নিউজ

দিল্লিতে বিজেপির চূড়ান্ত বৈঠক, প্রার্থী তালিকায় কি থাকছেন রিঙ্কু মজুমদার? – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বাকি ৩৯টি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে রবিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিজেপি নেতৃত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই বৈঠকেই ঝুলে থাকা নামগুলো নিয়ে সিলমোহর পড়তে পারে। খড়গপুর সদরের প্রার্থী দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের নাম গত দুই তালিকায় না থাকায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, টিকিট পাওয়ার দাবি জানানোর অধিকার প্রতিটি কর্মীর রয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় দলই।

অন্যদিকে, শনিবার রেড রোডে ঈদের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় বঞ্চনা ও এনআরসি বিরোধী বার্তার কড়া সমালোচনা করেছেন দিলীপ ঘোষ। তাঁর মতে, ধর্মীয় মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করছেন। এছাড়া, দলের প্রার্থী নির্বাচন নিয়ে রাজ্যজুড়ে চলা সাময়িক বিক্ষোভকে আমল দিতে নারাজ তিনি। তাঁর দাবি, জেতার সম্ভাবনা যেখানে বেশি, সেখানেই এমন অসন্তোষ দেখা যায় এবং কর্মীরা শীঘ্রই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী লড়াইয়ে নামবেন।

নির্বাচনী রণকৌশল সাজাতে আগামী ২৪ তারিখ রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় নেতা নীতিন নবীন। সাংগঠনিক এই বৈঠকে সমস্ত প্রার্থীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভোট ঘোষণার পর থেকেই কেন্দ্রীয় নেতৃত্বের এই তৎপরতা রাজ্যে পদ্ম শিবিরের সক্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। প্রার্থী অসন্তোষ কাটিয়ে উঠে এবং সঠিক সমীকরণ বজায় রেখে বিজেপি কত দ্রুত তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *