দিল্লির দূষণ রোধে গাফিলতি দেখে মেজাজ হারাল সুপ্রিম কোর্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
বায়ুদূষণ রোধে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশনের ঢিলেঢালা মনোভাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী দ্রুত পদক্ষেপ না নেওয়ায় কমিশনকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন বিচারপতিরা। আদালত স্পষ্ট জানিয়েছে, দূষণের আসল কারণ না খুঁজে বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া দায় এড়ানো চলবে না। বিশেষজ্ঞদের নিয়ে জরুরি বৈঠক ডেকে দ্রুত পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, নির্দিষ্ট কোনো বিষয় বা চাষিদের ওপর দোষ চাপিয়ে দূষণ সমস্যার সমাধান সম্ভব নয়। কোভিড সময়ের উদাহরণ টেনে জানানো হয়, দূষণের কারণ বহুমুখী এবং এর পেছনে নির্মাণকাজ ও যানবাহনের বড় ভূমিকা রয়েছে। বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে উৎস চিহ্নিত করে সাধারণ মানুষকে প্রকৃত সত্য জানানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই আদালতের এই কড়া অবস্থান।

