দিল্লির সীমান্তে পাতা ফাঁদে পা দিল লস্কর জঙ্গি শাব্বির আহমেদ লোন – এবেলা
এবেলা ডেস্কঃ
দিল্লি পুলিশের স্পেশাল সেলের জালে লস্কর-ই-তইবার ভয়ংকর জঙ্গি শাব্বির আহমেদ লোন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে রাজধানীর সীমান্ত এলাকায় বিশেষ ফাঁদ পেতে তাকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। ধৃত জঙ্গি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ থেকে লস্করের নতুন একটি মডিউল তৈরির প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।
তদন্তকারীদের দাবি, লস্করের এই প্রশিক্ষিত জঙ্গি ভারত-বিরোধী নানা কার্যকলাপ চালানোর মিশনে ছিল। সম্প্রতি দিল্লি ও কলকাতার বিভিন্ন জায়গায় ভারত-বিরোধী পোস্টার লাগানোর নেপথ্যেও এই চক্রের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২০০৭ সালেও একে-৪৭ রাইফেল ও গ্রেনেডসহ গ্রেফতার হয়েছিল এই শাব্বির। ২০১৮ সালে জেল থেকে মুক্তি পাওয়ার পর সে ফের সক্রিয় হয়ে ওঠে এবং বাংলাদেশকে নিজের প্রধান ঘাঁটি বানিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।
মুজফফরাবাদের জঙ্গি শিবিরে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই জঙ্গি লস্কর প্রধান হাফিজ সইদ ও জাকি-উর-রহমান লাখভির সরাসরি সংস্পর্শে ছিল। দিল্লিতে আর কারা তার সহযোগী হিসেবে লুকিয়ে রয়েছে, তা জানতে এখন শাব্বির আহমেদ লোনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

