দিল্লি ও মুম্বাইয়ে হামলার হুমকি পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনার আব্দুল বাসিতের – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের সংঘাত ও আফগান সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনার আব্দুল বাসিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আমেরিকা যদি পাকিস্তানকে আক্রমণ করে, তবে পাকিস্তানের উচিত হবে ভারতের দিল্লি ও মুম্বাইয়ের মতো শহরগুলোতে পাল্টা আঘাত হানা। ১৯৮২ ব্যাচের এই প্রাক্তন কূটনীতিক ২০১৪ থেকে তিন বছর ভারতে দায়িত্ব পালন করলেও, জনসমক্ষে ভারতের বিরুদ্ধে এমন উস্কানিমূলক ও আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করেছেন।
বাসিত তার বক্তব্যে বিষয়টিকে ‘আসাম্ভব’ বললেও বারবার জোর দিয়ে জানান, দেশের ওপর কোনো আঘাত আসলে ভারতের ওপর হামলা চালানো ছাড়া পাকিস্তানের কাছে অন্য কোনো বিকল্প থাকবে না। দিল্লি ও মুম্বাইয়ের রাস্তাঘাট খুব কাছ থেকে চেনা সত্ত্বেও একজন প্রাক্তন কূটনীতিকের মুখে এই নাশকতার হুমকি তার নেতিবাচক মানসিকতাকেই প্রতিফলিত করে। এই মন্তব্যের ফলে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, এই বিষোদগার এমন এক সময়ে এল যখন পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংঘাত চরমে। পাক বিমান বাহিনীর সাম্প্রতিক হামলায় আফগানিস্তানে ব্যাপক প্রাণহানির অভিযোগ উঠেছে, যাকে তালিবান সরকার ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে অভিহিত করেছে। একদিকে যখন আফগান সীমান্তে প্রতিবেশী রাষ্ট্রের সাথে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তে প্রাক্তন পাক কূটনীতিকের ভারতের বিরুদ্ধে এমন বিদ্বেষমূলক মন্তব্য কূটনৈতিক মহলে সমালোচনার ঝড় তুলেছে।

