লেটেস্ট নিউজ

দীপিকাই কি বলিউডের শেষ কথা? রাধিকা আপ্তেকে নিয়ে শোভা দে-র বিতর্কিত মন্তব্যে তোলপাড় বিটাউন – এবেলা

এবেলা ডেস্কঃ

দীপিকা পাড়ুকোনের ‘আট ঘণ্টা কাজের’ শর্ত নিয়ে এবার মুখ খুললেন বর্ষীয়ান লেখিকা শোভা দে। দীপিকার এই অনড় অবস্থানকে সমর্থন করতে গিয়ে তিনি অন্য অভিনেত্রীদের কার্যত তুলোধনা করেছেন। শোভা দে-র দাবি, দীপিকা যে উচ্চতায় পৌঁছেছেন, সেখানে দাঁড়িয়ে এই ধরনের দাবি জানানো তাঁর সাজে। কিন্তু রাধিকা আপ্তের মতো অভিনেত্রীরা যদি একই দাবি করেন, তবে ইন্ডাস্ট্রি তাঁদের পাত্তাই দেবে না।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে শোভা দে বলেন, “দীপিকা যে মাপের অভিনেত্রী, তিনি আট ঘণ্টার কাজের দাবি জানাতেই পারেন। বলিউডে বর্তমানে অন্য কাউকে আমি দেখি না, যাঁরা এই ধরনের শর্ত নিয়ে দর কষাকষি করার ক্ষমতা রাখেন। দীপিকাকে বাদ দেওয়া কঠিন, কিন্তু অন্যদের বদলে সহজেই অন্য কাউকে নেওয়া সম্ভব।”

রাধিকা আপ্তের প্রসঙ্গ টেনে তিনি আরও বিস্ফোরক মন্তব্য করেন। শোভার মতে, “ধরুন যদি রাধিকা আপ্তে বলেন যে তিনি শুধু চার বা ছয় ঘণ্টা কাজ করবেন, তবে তাঁর সেই কথায় কেউ বিশেষ গুরুত্ব দেবে না। উল্টে তাঁকে সরিয়ে অন্য কাউকে কাস্ট করে নেওয়া হবে।” শোভা দে-র এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি বলিউডে মেধার চেয়েও তারকাসন্তান বা গ্ল্যামারের গুরুত্ব বেশি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *