লেটেস্ট নিউজ

দুই ‘পর্ণা’র লড়াই: বনগাঁর রাজনৈতিক ময়দানে কার লিড বেশি? – এবেলা

এবেলা ডেস্কঃ

বনগাঁ মহকুমার রাজনীতিতে এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দু দুই তরুণ মুখ— মধুপর্ণা ঠাকুর ও ঋতুপর্ণা আঢ্য। তৃণমূলের এই দুই প্রার্থীর জয়ের বিষয়ে শাসক শিবির সম্পূর্ণ নিশ্চিত থাকলেও, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে কার জয়ের ব্যবধান বা ‘লিড’ বেশি হবে। বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী মধুপর্ণা এবারও নিজের ‘ঘরের মেয়ে’ ভাবমূর্তিকে হাতিয়ার করেছেন। অন্যদিকে, বনগাঁ দক্ষিণ কেন্দ্রে পুরসভার কাউন্সিলর হিসেবে অভিজ্ঞ ঋতুপর্ণা আঢ্য নতুন উদ্যমে প্রচার চালিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।

দুই প্রার্থীর বয়সই ২৬ বছর এবং দুজনেই জয়ের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। মধুপর্ণা গতবারের ৩৩ হাজার ভোটের ব্যবধান ছাড়িয়ে এবার ৪০ হাজারে পৌঁছানোর লক্ষ্য নিয়েছেন। ঋতুপর্ণাও পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও নিজের কাজের ভিত্তিতে জয়ের বিষয়ে আশাবাদী। তবে এই লড়াইয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে মতুয়া ভোট। পরিসংখ্যান অনুযায়ী, এসআইআর-এর তালিকায় বাগদা ও বনগাঁ দক্ষিণ কেন্দ্রে বহু মতুয়া ভোটারের নাম বাদ পড়া বা বিচারাধীন থাকা নিয়ে জনমনে গভীর উদ্বেগ রয়েছে।

বিরোধীরা অবশ্য তৃণমূলের এই আত্মবিশ্বাসকে গুরুত্ব দিতে নারাজ। বিজেপি নেতৃত্বের দাবি, বনগাঁর মানুষ তাদের পাশেই রয়েছেন এবং তৃণমূল প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক মনোভাব রয়েছে। সিপিএম-ও শাসক দলের জয়ের দাবিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। প্রচারের ময়দানে দুই ‘পর্ণা’র জনসভা ও রোড-শো ঘিরে উন্মাদনা তুঙ্গে থাকলেও শেষ পর্যন্ত ব্যালট বক্সেই নির্ধারিত হবে কে কাকে ছাপিয়ে যাবেন। আপাতত দুই তরুণ প্রার্থীর টক্কর দেখতে মুখিয়ে রয়েছে বনগাঁর রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *