দুয়ারে রেশন মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের, ১২ ফেব্রুয়ারি শুনানি – এবেলা
এবেলা ডেস্কঃ
মমতা সরকারের বিতর্কিত ‘দুয়ারে রেশন’ প্রকল্পের ভাগ্য নির্ধারণে এবার কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। আগামী ১২ ফেব্রুয়ারি এই মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে ফের সময় চাওয়ার আবেদন নাকচ করে বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সেদিন তালিকায় সবার প্রথমেই থাকবে এই মামলা।
কেন্দ্রীয় সরকারের দাবি, এই প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইন লঙ্ঘন করছে এবং রাজ্য কৌশল করে শুনানি পিছিয়ে দিচ্ছে। অন্যদিকে, রাজ্যের রেশন দোকানদারদের মধ্যেও বিষয়টি নিয়ে দ্বিমত রয়েছে। কলকাতা হাইকোর্টের দেওয়া বন্ধের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। আসন্ন নির্বাচনের আবহে এই রায়ের গুরুত্ব অপরিসীম, কারণ ১২ ফেব্রুয়ারির শুনানিতেই স্পষ্ট হতে পারে বাংলার মানুষ বাড়ির দরজায় রেশন পাবেন কি না।

