দেড় বছর পর পুনরায় চালু হলো আগরতলা-ঢাকা-কলকাতা মৈত্রী বাস পরিষেবা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 26, 202612:26 pm
দীর্ঘ ১৮ মাসের বিরতি কাটিয়ে অবশেষে চালু হলো আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। গত ২৪ ফেব্রুয়ারি ঢাকার কমলাপুর থেকে পরীক্ষামূলকভাবে ‘রয়েল মৈত্রী’র একটি বাস যাত্রা শুরু করে আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলায় প্রবেশ করে। এর আগে ২১ ফেব্রুয়ারি আগরতলা থেকে একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল।
ত্রিপুরা সড়ক পরিবহণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় জানান, আপাতত সপ্তাহে তিন দিন এই পরিষেবা চলবে। আগরতলা থেকে মঙ্গল, বৃহস্পতি ও রবিবার এবং কলকাতা থেকে সোম, বুধ ও শনিবার বাস চলাচল করবে। আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতার ৫০০ কিলোমিটার পথের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,৮০০ টাকা।
এই পরিষেবা পুনরায় চালুর ফলে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে। ট্রেনপথে গুয়াহাটি হয়ে ১,৫৬৭ কিলোমিটার দীর্ঘ যাত্রার তুলনায় এই বাস রুটটি সময় ও দূরত্ব উভয়ই উল্লেখযোগ্যভাবে সাশ্রয় করবে। আশা করা হচ্ছে, যাত্রী চাহিদা অনুযায়ী ভবিষ্যতে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
