লেটেস্ট নিউজ

দেশজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকট, অবশেষে পরিস্থিতি স্বীকার করল কেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে দেশজুড়ে রান্নার গ্যাসের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। ইতিপূর্বে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সংকট অস্বীকার করলেও, অবশেষে উদ্ভূত পরিস্থিতির কথা স্বীকার করে নিল মোদি সরকার। ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় আমদানিতে বিঘ্ন ঘটেছে, যা ভারতের মতো বড় এলপিজি ক্রেতা দেশের হেঁশেলে সরাসরি প্রভাব ফেলেছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, আতঙ্কিত হয়ে সাধারণ মানুষের অতিরিক্ত বুকিং পরিস্থিতির জটিলতা আরও বাড়িয়েছে। বর্তমানে প্রায় ৮৮ লক্ষ বুকিং জমা পড়েছে, যার সুযোগ নিয়ে একদল অসাধু ব্যবসায়ী কালোবাজারি শুরু করেছে। সংকট মোকাবিলায় ও মজুতদারি রুখতে দুটি সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে।

সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসন নজরদারি চালালেও সাধারণ মানুষের হয়রানি কমছে না। গ্যাস সংকটের ফলে অনেক হোটেল-রেস্তরাঁ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং বিকল্প হিসেবে ইলেকট্রিক ও ইনডাকশন ওভেনের চাহিদা তুঙ্গে। কেন্দ্র আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেও বাস্তব চিত্র বলছে, দেশজুড়ে জ্বালানি সংকটের আঁচ ক্রমেই তীব্র হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *