লেটেস্ট নিউজ

দেশের বৃহত্তম বিমানবন্দর: নয়ডায় আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের নয়ডায় দেশের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি-এনসিআর অঞ্চলের দ্বিতীয় এই বিমানবন্দরটি রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর চাপ কমাতে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। মোট ১১ হাজার ৭৪২ একর জায়গা জুড়ে বিস্তৃত এই প্রকল্পটি দুই দফায় সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অত্যাধুনিক এই বিমানবন্দরে ৩ হাজার ৯০০ মিটার লম্বা রানওয়ে তৈরি করা হয়েছে, যা বোয়িং ৭৭৭-৩০০ইআর-এর মতো বড় বিমান চলাচলের উপযোগী। এখানে ৮৭ একর জুড়ে একটি কার্গো হাব এবং দেশের প্রথম নিজস্ব বিমান মেরামত কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। আধুনিক নেভিগেশন ব্যবস্থার পাশাপাশি এখানে দেশীয় ও আন্তর্জাতিক কুরিয়ার টার্মিনালের জন্য পৃথক লজিস্টিক জোন বরাদ্দ করা হয়েছে।

নির্মাণকাজ সম্পূর্ণ হলে এটি বছরে প্রায় ২২ কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা অর্জন করবে। জ্বালানি উদ্বেগ ও এলপিজি সংকটের আবহে এই পরিকাঠামো উন্নয়ন এনসিআর অঞ্চলের অর্থনৈতিক গতি বৃদ্ধিতে সহায়ক হবে। বিশেষজ্ঞদের মতে, বিশাল এই কার্গো টার্মিনাল ও উন্নত যোগাযোগ ব্যবস্থা উত্তর ভারতের বাণিজ্যিক মানচিত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *