লেটেস্ট নিউজ

দেশে সক্রিয় আইএস-আল কায়েদা নেটওয়ার্ক: বাংলাসহ ৭ রাজ্য থেকে ধৃত ১২ জঙ্গি – এবেলা

এবেলা ডেস্কঃ

লালকেল্লার অদূরে গাড়ি বিস্ফোরণের সূত্র ধরে দেশজুড়ে ছড়িয়ে থাকা এক বিশাল জঙ্গি নেটওয়ার্কের পর্দা ফাঁস করল অন্ধ্রপ্রদেশ পুলিশ। বুধবার পুলিশের এক বিশেষ অভিযানে পশ্চিমবঙ্গসহ দেশের মোট সাতটি রাজ্য থেকে কুখ্যাত জঙ্গি সংগঠন আইএস এবং আল কায়েদার সঙ্গে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা মীর আসিফ আলিও রয়েছে, যার সঙ্গে আইএসের সরাসরি যোগসাজশ মিলেছে বলে দাবি তদন্তকারীদের।

তদন্তে জানা গেছে, বিজয়ওয়াড়া থেকে প্রথমে তিনজনকে গ্রেপ্তারের পর দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান ও তেলেঙ্গানায় সাঁড়াশি অভিযান চালানো হয়। ধৃতদের মধ্যে মহম্মদ রহমতুল্লা শরিফ, মির্জা সোহেল বেগ ও মহম্মদ দানিশ একিউআইএস-এর হয়ে মৌলবাদী আদর্শ প্রচার ও মগজধোলাইয়ের কাজ করত। আগামী মাসে পাকিস্তানে গিয়ে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক ভাষণে প্রভাবিত হয়ে তারা বিদেশি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল।

পুলিশি জেরায় উঠে এসেছে ‘বেনেক্স কম’ নামক একটি আইএস ঘনিষ্ঠ গ্রুপের নাম, যার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলত। ধৃতদের মধ্যে দিল্লির লাকি আহমেদ, বিহারের আজমানুল্লা খান এবং কর্ণাটকের আব্দুল সালামসহ অন্যান্যরা বিভিন্ন প্রান্তে জঙ্গি সদস্য সংগ্রহের দায়িত্বে ছিল। আল হাকিম সুকুর নামক এক হ্যান্ডলারের নির্দেশে এই পুরো চক্রটি পরিচালিত হচ্ছিল। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই নেটওয়ার্কের শিকড় কতদূর বিস্তৃত, তা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থাগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *