দেশ ছাড়লেই হাতে নগদ আড়াই লক্ষ টাকা ও বিমানের টিকিট! অবৈধ অভিবাসীদের বাম্পার অফার ট্রাম্পের
আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের তাড়াতে এক অভিনব পুরস্কার ঘোষণা করল ট্রাম্প প্রশাসন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে যারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে দেশ ছাড়ার আবেদন জানাবেন, তাঁদের ৩ হাজার মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২.৬৮ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই বিশেষ অফারের আওতায় অভিবাসীদের নিজ দেশে ফেরার জন্য নিখরচায় বিমান টিকিটও দেবে সরকার।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, জেলের ঘানি বা অপমান এড়াতে অবৈধবাসীরা ‘CBP Home’ অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া ব্যক্তিদের জরিমানাও মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, এই উদ্যোগের ফলে ইতিমধ্যেই লক্ষ লক্ষ অভিবাসী আমেরিকা ছেড়েছেন। মূলত গা ঢাকা দিয়ে থাকা অবৈধবাসীদের মূল স্রোতে ফিরিয়ে এনে দেশছাড়া করতেই এই আর্থিক টোপ দেওয়া হচ্ছে।

