দোকানের গ্লোসাইন ও এলইডি ব্র্যান্ডিংয়ে চড়া কর, পুরসভার নোটিসে ক্ষুব্ধ ব্যবসায়ীরা – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা পুরসভার নতুন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন শহরের ব্যবসায়ীরা। দোকানের নাম বা ব্র্যান্ডিংয়ের জন্য গ্লোসাইন বোর্ড অথবা এলইডি আলো ব্যবহার করলে এখন থেকে মোটা অঙ্কের কর দিতে হবে। ইতিপূর্বে অনেক ব্যবসায়ীকে এই সংক্রান্ত নোটিস পাঠিয়েছে পুরসভা। কর্তৃপক্ষের দাবি, দোকানের নাম বা ব্র্যান্ড প্রচার বিজ্ঞাপনের আওতায় পড়ে, তাই নিয়ম অনুযায়ী কর মেটানো বাধ্যতামূলক। এমনকি কেন এতদিন কর দেওয়া হয়নি, সেই মর্মে অনেককে শোকজও করা হয়েছে।
পুরসভার বিজ্ঞাপন বিভাগ সূত্রে জানা গেছে, গ্লোসাইন বোর্ডের জন্য প্রতি বর্গফুটে করের হার ১১০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করা হয়েছে। অন্যদিকে, এলইডি ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে বছরে প্রতি বর্গফুটে ৫০০ টাকা কর ধার্য করা হয়েছে। যদি শোরুমের বাইরে একাধিক গ্লোসাইন বা এলইডি ডিসপ্লে থাকে, তবে সেই করের পরিমাণ দাঁড়াবে বর্গফুট পিছু ৬০০ টাকা। গত তিন বছরে এই কর আদায়ে বিশেষ নজর দেওয়ায় করদাতার সংখ্যা ৩০ থেকে বেড়ে বর্তমানে প্রায় দেড়শতে পৌঁছেছে।
ব্যবসায়ীরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে জানিয়েছেন, এমনিতেই গার্বেজ ও শেড ট্যাক্সসহ একাধিক করের বোঝা রয়েছে। তার ওপর নিজের দোকানের নাম টাঙানোর জন্য হাজার হাজার টাকা দাবি করা দুর্ভাগ্যজনক। অনেক ব্যবসায়ী অভিযোগ করেছেন যে, এই নিয়ম সবার জন্য সমানভাবে কার্যকর হচ্ছে না। তবে পুরসভা স্পষ্ট জানিয়েছে, রাজস্ব বাড়াতে এবং স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে প্রতিটি দোকান ও শোরুম থেকেই এই নির্ধারিত কর আদায় করা হবে।

