লেটেস্ট নিউজ

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় শশী-কাজল, অনিশ্চয়তায় উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় স্বস্তি পেলেন শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা এবং হাসনের কাজল শেখ। দীর্ঘদিন ‘বিবেচনাধীন’ থাকার পর তালিকায় নাম ওঠায় তাঁদের মনোনয়ন পেশের বাধা কাটল। তবে উত্তরপাড়ার প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের নাম এই তালিকায় না থাকায় তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বজায় রয়েছে।

তালিকায় নাম না থাকলে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন না, এই নিয়মের জেরে দুশ্চিন্তা বাড়ছে শাসক শিবিরে। ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণের আগে দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। জরুরি ভিত্তিতে আদালতের হস্তক্ষেপের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ প্রকাশিত এই তালিকায় এখন পর্যন্ত ৩৭ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে, তবে প্রায় ২৩ লক্ষ নাম এখনও ঝুলে রয়েছে। গত সোমবারের মতো দ্বিতীয় তালিকার ক্ষেত্রেও কমিশনের ওয়েবসাইটে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় সাধারণ ভোটার ও প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। বর্তমানে ধোঁয়াশা কাটাতে বুথস্তরের তালিকার দিকেই তাকিয়ে সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *