লেটেস্ট নিউজ

‘দ্য হেট ফাইলস’: বিরোধী দলনেতার বিরুদ্ধে তৃণমূলের নয়া ডিজিটাল প্রচার – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল কংগ্রেস এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে ‘দ্য হেট ফাইলস’ নামে একটি বিশেষ সিরিজ চালুর সিদ্ধান্ত নিয়েছে। দলীয় সূত্রের খবর, এই ডিজিটাল প্রচারের মাধ্যমে বিরোধী দলনেতার বিভিন্ন সময়ের ‘বিদ্বেষমূলক’ আচরণের একটি বিস্তারিত তালিকা জনসমক্ষে আনা হবে।

তৃণমূলের অভিযোগ, সারদা ও নারদা মামলা থেকে বাঁচতে দলবদল করা থেকে শুরু করে শিখ আইপিএস অফিসারকে ‘খালিস্তানি’ তকমা দেওয়া পর্যন্ত শুভেন্দু অধিকারীর একাধিক পদক্ষেপ জনবিরোধী। এছাড়া মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে বের করে দেওয়ার হুমকি, সাধারণ নাগরিককে ‘রোহিঙ্গা’ বলা এবং পুলিশ আধিকারিকদের জাতিবিদ্বেষী আক্রমণের মতো বিষয়গুলিকেও এই সিরিজে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট তারিখ ও তথ্যসহ একটি পূর্ণাঙ্গ ‘চার্জশিট’ তৈরি করা হয়েছে। যেখানে ধর্মীয় বিভাজন তৈরি করা এবং দলীয় স্বার্থে পেশিশক্তি ব্যবহারের চেষ্টার মতো গুরুতর অভিযোগ স্থান পেয়েছে। নির্বাচনের আগে এই ‘দ্য হেট ফাইলস’ রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় তুলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *