বিনোদন

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ: এফআইআর খারিজের আবেদনে কর্ণাটক হাইকোর্টে রণবীর সিং

দক্ষিণ ভারতের লোকসংস্কৃতি ও ‘দৈবা’ উপাসনাকে অবমাননার অভিযোগে দায়ের করা এফআইআর বাতিলের দাবিতে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। গোয়ায় একটি অনুষ্ঠানে ‘কান্তারা’ ছবির অনুকরণ করতে গিয়ে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন বলে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় মামলা করেন আইনজীবী প্রশান্ত। পুলিশি নোটিশের পরিপ্রেক্ষিতে অভিনেতা এখন আদালতের আইনি সুরক্ষা চাইছেন।

অভিযোগ অনুসারে, রণবীর সিং কান্তারা ছবির ঋষভ শেঠির অভিনয় নকল করতে গিয়ে ‘দৈবা’-কে ভুলভাবে উপস্থাপন করেছেন এবং ‘ডেভিল’ শব্দটির ব্যবহার করেছেন। উপকূলীয় কর্ণাটকের আধ্যাত্মিক ঐতিহ্যে দৈবা অত্যন্ত শ্রদ্ধার ও সংবেদনশীল একটি বিষয়। ফলে অভিনেতার এই আচরণে স্থানীয় জনমানসে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, যার জেরে দায়ের হয় ফৌজদারি মামলা।

পাল্টা আবেদনে রণবীর সিং দাবি করেছেন যে, তাঁর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং কাউকে আঘাত করার কোনো অসৎ উদ্দেশ্য তাঁর ছিল না। মামলাটি বর্তমানে বিচারপতি এম নাগপ্রসন্নের বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। ২৪ ফেব্রুয়ারি এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ স্পষ্ট হতে পারে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *