লেটেস্ট নিউজ

ধর্ষণে অভিযুক্তের সঙ্গে সখ্যতা: চাপের মুখে ইস্তফা দিলেন মহারাষ্ট্র মহিলা কমিশনের প্রধান – এবেলা

এবেলা ডেস্কঃ

ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত জ্যোতিষী অশোক খারাতের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি প্রকাশ্যে আসায় অবশেষে পদত্যাগ করলেন মহারাষ্ট্রের মহিলা কমিশনের প্রধান রুপালি চাকাঙ্কার। অভিযুক্ত ব্যক্তি শ্রী ঈশানেশ্বর মহাদেব মন্দির ট্রাস্টের চেয়ারম্যান, যার সঙ্গে রুপালিও যুক্ত ছিলেন বলে জানা গেছে। সম্প্রতি একটি ভিডিওতে রুপালিকে ওই অভিযুক্তের মাথায় ছাতা ধরে থাকতে দেখা যায়, যা নিয়ে রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়।

তদন্তে জানা গেছে, ৬৭ বছর বয়সী অশোক খারাত নিজেকে অবসরপ্রাপ্ত নৌসেনা কর্মকর্তা বা ‘ক্যাপ্টেন’ পরিচয় দিয়ে মহিলাদের ফাঁদে ফেলতেন। ব্যক্তিগত সমস্যা সমাধানের নামে মাদক খাইয়ে তিনি অন্তত ৫৮ জন মহিলাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। পুলিশের উদ্ধার করা একটি পেন ড্রাইভে সিসিটিভি ফুটেজ সহ এই পৈশাচিক কর্মকাণ্ডের প্রমাণ মিলেছে। এই ঘটনার ভয়াবহতা সামনে আসার পর থেকেই রুপালির পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে।

প্রাথমিকভাবে রুপালি অভিযুক্তের সঙ্গে সামান্য পরিচয়ের কথা বলে দূরত্ব বজায় রাখার দাবি করলেও, বিতর্কের মুখে তিনি সরে দাঁড়াতে বাধ্য হন। এদিকে, অভিযুক্তের সঙ্গে রাজ্যের আরও অনেক প্রভাবশালী রাজনীতিবিদের যোগাযোগ ছিল বলে তথ্য উঠে আসছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে কংগ্রেস সহ বিরোধী দলগুলো এই চক্রের পেছনে থাকা সমস্ত রাঘববোয়ালদের চিহ্নিত করতে নিরপেক্ষ ও কঠোর তদন্তের দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *