ধুতি-পাঞ্জাবিতে ‘রাচিন বাবু’, অঞ্জন দত্তর গানে মজেছে নাইট শিবির – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন আইপিএল ২০২৬-এর উত্তেজনার পারদ চড়াতে অভিনব পন্থায় ধরা দিলেন কলকাতা নাইট রাইডার্সের কিউয়ি তারকা রাচিন রবীন্দ্র। শুক্রবার সকালে টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের সঙ্গে কলকাতায় পা রাখার পর একটি বিশেষ ভিডিওতে দেখা গিয়েছে তাঁকে। সাদা ধুতি-পাঞ্জাবিতে পুরোপুরি বাঙালি সাজে সেজেছেন এই তারকা ক্রিকেটার, যা ইতিমধ্যেই সমাজমাধ্যমে নাইট সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাচিন একটি ল্যান্ডলাইন ফোন থেকে ঝরঝরে বাংলায় কিংবদন্তি গায়ক অঞ্জন দত্তর জনপ্রিয় গান ‘বেলা বোস’-এর সেই বিখ্যাত নম্বর ডায়াল করে প্রশ্ন করছেন, “এটা কি ২৪৪-১১৩৯?” বাঙালির আবেগ ও সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা এই গানটিকে হাতিয়ার করে আইপিএল শুরুর আগেই কলকাতার ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে নাইট ব্রিগেড।
আগামী ২৯ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যে প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম ২০টি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ ইডেন গার্ডেন্সে খেলবে নাইটরা। আইপিএল শুরুর আগেই বিদেশি ক্রিকেটারদের এমন ‘দেশি’ মেজাজ এবং বাঙালি সাজে রণপ্রস্তুতি কেকেআর ভক্তদের উন্মাদনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

