‘ধুরন্ধর ২’-এর সাফল্যের মাঝেই আইনি বিপাকে রণবীর সিং, চাইলেন নিঃশর্ত ক্ষমা – এবেলা
এবেলা ডেস্কঃ
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির বক্স অফিস সাফল্যের মধ্যেই আইনি জটিলতায় জড়িয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। গত বছর একটি অনুষ্ঠানে ঋষভ শেট্টির ‘কান্তারা’ ছবির দৈব নৃত্য নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের মামলা দায়ের হয়। কর্ণাটকের তুলু সম্প্রদায়ের আপত্তির মুখে এই মামলার জল গড়ায় আদালত পর্যন্ত।
সম্প্রতি কর্ণাটক উচ্চ আদালত এই ইস্যুতে অভিনেতাকে তীব্র ভর্ৎসনা করেছে। বিচারপতি জানান, তারকা হিসেবে জনসমক্ষে মন্তব্য করার ক্ষেত্রে রণবীরের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। বিশেষ করে স্থানীয় ধর্মীয় অনুভূতি ও দেবদেবীকে নিয়ে কোনো ধরণের ঠাট্টা-রসিকতা আদালত হালকাভাবে নিচ্ছে না। এমনকি অভিনেতার পারিবারিক সংযোগের কথা উল্লেখ করেও সচেতনতার পাঠ দেয় হাইকোর্ট।
আইনি চাপ বাড়তে থাকায় রণবীর সিং এবার আদালতের কাছে একটি হলফনামা পেশ করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর আইনজীবী জানিয়েছেন, অভিনেতা সশরীরে মহীশূরের চামুণ্ডী মন্দিরে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করতে ইচ্ছুক। ইতিপূর্বে সামাজিক মাধ্যমে ক্ষমা চাইলেও তা যথেষ্ট না হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী ১০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

