ধৃত আল কায়েদা চর, বড়সড় নাশকতার ছক বানচাল – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেদাবাদ: গুজরাতে বড়সড় জঙ্গি নাশকতার ছক বানচাল করল রাজ্য পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস)। জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ফাইজান শেখ নামে ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত যুবক পেশায় একজন দর্জি।
এটিএস সূত্রে জানা গেছে, ফাইজানের আদি বাড়ি উত্তরপ্রদেশের রামপুরের ডুন্ডাওয়ালা গ্রামে হলেও সে গুজরাতের নভসারিতে বসবাস করত। গত রবিবার তার ডেরা থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছেন গোয়েন্দারা।
এটিএস ডিআইজি সুনীল যোশী সংবাদমাধ্যমকে জানান, ফাইজান দীর্ঘ সময় ধরে জয়েশ-ই-মহম্মদ ও আল কায়েদার মতো নিষিদ্ধ সংগঠনের উগ্র মতাদর্শে অনুপ্রাণিত ছিল। সে মোহাম্মদ আবু বকরের মতো কুখ্যাত জঙ্গিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্দিষ্ট একটি গোষ্ঠীর মানুষের মনে আতঙ্ক তৈরি করতে সে বড় ধরনের হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল। তার এই নেটওয়ার্কের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

