লেটেস্ট নিউজ

নদীয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে গ্রেপ্তার আফগান নাগরিক, ঘনাচ্ছে রহস্য – এবেলা

এবেলা ডেস্কঃ

নদীয়ার হাঁসখালি সংলগ্ন ফতেপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করেছে বিএসএফ। ধৃত ব্যক্তির নাম আলজাহি মুসাফার, যার বাড়ি আফগানিস্তানের নিমরোজ প্রদেশে। সোমবার গভীর রাতে সীমান্ত টহলদারির সময় জওয়ানদের নজরে আসায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিএসএফ তাকে স্থানীয় হাঁসখালি থানার পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ধৃতের কাছে ভারত বা বাংলাদেশে থাকার মতো কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির মধ্যে কেন তিনি আফগানিস্তান থেকে ঘুরপথে সীমান্ত পেরিয়ে বাংলায় ঢোকার চেষ্টা করছিলেন, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। অনুপ্রবেশের নেপথ্যে কোনো বড় নাশকতার ছক বা আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার ধৃত আলজাহি মুসাফারকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। রাতের অন্ধকারে সীমান্ত পার হতে তাকে স্থানীয় কেউ সাহায্য করেছিল কি না, তদন্তকারীরা সেই বিষয়ে নিশ্চিত হতে চাইছেন। দেশের নিরাপত্তা ও অনুপ্রবেশ রুখতে এই ঘটনার পর সীমান্ত এলাকায় কড়া নজরদারি জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *