নন্দীগ্রামে উত্তপ্ত থানা! পুলিশকে শুভেন্দুর চরম হুঁশিয়ারি: ‘ভবিষ্যতে ফল ভুগতে হবে’ – এবেলা
এবেলা ডেস্কঃ
নন্দীগ্রামে তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচির টোটো ভাঙচুরের অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেফতার ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার সকালে নন্দীগ্রাম থানায় সশরীরে হাজিরা দিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের তীব্র ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাদা পোশাকের পুলিশ কর্তৃক ধৃত কর্মীর পরিবারকে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, “থানায় কি গুন্ডা-মস্তানরা চাকরি করছে?” এই ঘটনায় উচ্চ আদালতে যাওয়ার পাশাপাশি প্রতিটি কর্মীর বাড়িতে সিসিটিভি লাগানোর হুঁশিয়ারিও দেন তিনি।
অন্যদিকে, বিজেপি কর্মীর গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। শুভেন্দুর দাবি, মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিজেপি কর্মীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে শাসক দল। পাল্টা জবাবে তৃণমূল জেলা সভাপতি সুজিত রায় জানান, সরকারি সম্পত্তি ভাঙচুর ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশ সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে। শুভেন্দুর এই মেজাজকে কটাক্ষ করে তিনি একে পরাজয়ের আতঙ্ক বলে অভিহিত করেছেন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

