নন্দীগ্রামে ফের কি একুশের মতো খেলা হবে, শুভেন্দুর হুঁশিয়ারিতে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই ফের উত্তপ্ত নন্দীগ্রামের রাজনীতি। তৃণমূল কংগ্রেসকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়েছেন যে একুশের নির্বাচনের মতো এবারও নন্দীগ্রামে ‘খেলা হবে’। তাঁর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে জোরালো প্রশ্ন উঠেছে, তবে কি আগামী বিধানসভা নির্বাচনেও নিজের চেনা গড় নন্দীগ্রাম থেকেই লড়াই করবেন শুভেন্দু।
বিরোধীদের কটাক্ষ করে শুভেন্দু অধিকারীর ‘দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি’ মন্তব্যটি বর্তমানে রাজ্য রাজনীতিতে বেশ চর্চিত হচ্ছে। শুভেন্দুর এই সরাসরি হুঁশিয়ারি তৃণমূলকে নতুন করে চাপে ফেলার কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, গত নির্বাচনে এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হয়েছিলেন শুভেন্দু। এবারও কি সেই একই লড়াইয়ের পুনরাবৃত্তি ঘটবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোরদার জল্পনা শুরু হয়েছে।

