নন্দীগ্রামে ভোটার তালিকায় ব্যাপক কাটছাঁট: সুপিয়ানের স্ত্রীসহ বহু সংখ্যলঘুর নাম বাদ – এবেলা
এবেলা ডেস্কঃ
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় ব্যাপক নাম বিভ্রাট ও বাতিলের ঘটনা ঘটেছে। তৃণমূল নেতা শেখ সুপিয়ানের স্ত্রী রহিমা বিবি এবং নন্দীগ্রামের প্রাক্তন উপপ্রধান কুতুবউদ্দিন খানের ছেলে আসফাক খানের নাম ‘নট এলিজিবল’ তালিকায় ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে। মূলত বাবা ও ছেলের বয়সের ব্যবধান ৫০ বছরের বেশি হওয়া এবং নথিপত্রের অসংগতির কারণে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে একইভাবে অসংখ্য ভোটারের নাম বাদ পড়েছে।
জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় প্রায় ৮০ হাজার অ্যাডজুডিকেশন ভোটারের মধ্যে ৭০ হাজারের নথি যাচাই করা হয়েছে। জন্ম শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো নির্দিষ্ট ১৩টি নথির অভাবে দীর্ঘদিনের পুরোনো ভোটারদের নামও তালিকায় ঠাঁই পায়নি। অনেক ক্ষেত্রে নামের বানানে সামান্য অমিল থাকায় ভোটারদের অযোগ্য ঘোষণা করা হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে এই বাতিলের হার বেশি হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা বাড়ছে।
বর্তমানে নাম বাদ পড়া ভোটারদের একমাত্র ভরসা ট্রাইবুনাল। তবে জেলায় এই ট্রাইবুনাল কবে বা কোথায় বসবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো নির্দেশিকা দেয়নি প্রশাসন। বিএলও-দের দাবি, কমিশন নির্ধারিত নথি পেশ করতে না পারায় এই আইনি জটিলতা তৈরি হয়েছে। অন্যদিকে, শেখ সুপিয়ানের মতো রাজনৈতিক নেতৃত্বরা একে দুর্ভাগ্যজনক বলে দাবি করে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। আপাতত চূড়ান্ত তালিকার অপেক্ষায় রয়েছেন কয়েক হাজার ভোটার।

