নববর্ষে প্রেসিডেন্সি জেলে সৃজনশীলতার জোয়ার: প্রবন্ধ ও কবিতায় বন্দিদের সম্প্রীতির বার্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যাচ্ছে। জেলের দেওয়াল ম্যাগাজিনের জন্য বন্দিরা ইতিমধ্যেই লেখালেখি শুরু করেছেন। বাংলার সমৃদ্ধ সংস্কৃতি, লোকগান এবং নববর্ষের ঐতিহ্য নিয়ে তাঁরা সৃজনশীল প্রবন্ধ লিখছেন। নববর্ষের এই উদ্যোগকে কেন্দ্র করে জেল চত্বরে এখন সাজ সাজ রব।
সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বন্দিরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কবিতা লিখছেন এবং তাঁদের ছবি আঁকছেন। বিনোদন ও খেলাধুলা বিষয়ক নানা লেখাও স্থান পাচ্ছে এই ম্যাগাজিনে। বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের জন্য বন্দিরা জেলের লাইব্রেরি থেকে নিয়মিত বিভিন্ন সহায়ক গ্রন্থ, ম্যাগাজিন ও পত্র-পত্রিকা সংগ্রহ করে পড়াশোনা করছেন।
নতুন বছরকে বরণ করে নিতে কারাদপ্তরের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও প্রস্তুতি নেওয়া হয়েছে। নববর্ষের সন্ধ্যায় বন্দিদের পরিবেশনায় গান, কবিতা, শ্রুতিনাটক ও নাটকের মহড়া চলছে পুরোদমে। অনুষ্ঠানের পাশাপাশি নববর্ষের দুপুরে বন্দিদের জন্য বিশেষ ভূরিভোজের আয়োজন করা হয়েছে বলে জেল সূত্রে জানা গিয়েছে।

