নবান্ন বনাম নির্বাচন কমিশন: ৪ আধিকারিককে বাঁচাতে কি পিছু হটল রাজ্য? – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে অভিযুক্ত চার আধিকারিককে নিয়ে নির্বাচন কমিশনের কড়া বার্তার মুখে সাফাই দিল নবান্ন। কমিশনকে পাঠানো চিঠিতে রাজ্য জানিয়েছে, ওই আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বা শাস্তিমূলক কার্যক্রম এখনই বন্ধ করা হয়নি। বরং নিয়ম মেনে সেই কার্যক্রম বন্ধ করা সম্ভব কি না, তা জানতে চেয়ে কমিশনের কাছে কেবল অনুমতি চাওয়া হয়েছিল। এফআইআর দায়ের করতে বিলম্বের কারণ এবং শাস্তির মাত্রা নিয়েও দু-পক্ষের মধ্যে টানাপড়েন অব্যাহত।
আগে কমিশন এই আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও এফআইআর করার নির্দেশ দিলেও, রাজ্য সরকার ‘লঘু পাপে গুরু দণ্ড’ না দেওয়ার আর্জি জানিয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে কমিশন মুখ্যসচিবের কাছে জবাব তলব করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বর্তমানে নবান্ন ও কমিশনের মধ্যে এই চিঠি চালাচালি প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। অভিযুক্ত আধিকারিকদের ভবিষ্যৎ এখন দিল্লির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

