নাজিরাবাদ অগ্নিকাণ্ড: উদ্ধার ২১ দেহাংশ, পরিচয় জানতে শুরু হচ্ছে DNA ম্যাপিং – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: আনন্দপুরের নাজিরাবাদ অগ্নিকাণ্ডে মৃতদের পরিচয় নিয়ে ধোঁয়াশা কাটাতে বড় পদক্ষেপ প্রশাসনের। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ২১টি দেহাংশের পরিচয় সুনিশ্চিত করতে বৃহস্পতিবার থেকেই শুরু হতে পারে DNA ম্যাপিং প্রক্রিয়া। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নিদর্শনের মধ্যে একটি আধপোড়া দেহ এবং ২০টি কঙ্কাল রয়েছে।
নিখোঁজ ২৮ জনের পরিবারের হাহাকারের মাঝেই আজ ধ্বংসস্তূপ সরাতে নামানো হচ্ছে আর্থ মুভার। ছাইয়ের স্তূপের নিচে আরও দেহাংশ চাপা পড়ে আছে কি না, তা খতিয়ে দেখা হবে। পরিস্থিতি সামাল দিতে দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি রাতে নাজিরাবাদের ওই ডেকরেটর গুদামে বিধ্বংসী আগুন লাগে। পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার অভিযোগে ইতিমধ্যেই মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতদের মধ্যে অনেকেই মেদিনীপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপি বিধায়করা।

