নারী দিবসে তৃণমূলের মাস্টারস্ট্রোক! ১ লক্ষ বাড়িতে পৌঁছবেন মমতার প্রমীলা বাহিনী, অভিষেকের বিশেষ বার্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
লোকসভা ভোটের আগে বাংলার ঘরে ঘরে পৌঁছাতে কোমর বেঁধে নামছে তৃণমূল কংগ্রেস। নারী দিবসকে হাতিয়ার করে এক বিশাল জনসংযোগ কর্মসূচির ডাক দিয়েছে রাজ্যের শাসক দল। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’ কর্মসূচির মাধ্যমে একদিনে রাজ্যের ১ লক্ষ পরিবারে পৌঁছে যাবেন তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার নারীরা কতটা সুরক্ষিত এবং স্বনির্ভর, সেই বার্তাই প্রতিটি দুয়ারে পৌঁছে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য। তৃণমূলের দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তখন বাংলাই তাঁদের আসল ভরসাস্থল।
নারী দিবসের আগেই ২ মার্চ নজরুল মঞ্চে আয়োজিত হতে চলেছে ‘তফসিলি সংলাপ’। এই মেগা ইভেন্টে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের জন্য রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরবেন তিনি। এই কর্মসূচির অংশ হিসেবে জেলায় জেলায় ঘুরবে সুসজ্জিত ট্যাবলো এবং বিলি করা হবে লিফলেট।
তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ৭ মার্চ কলকাতার সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত একটি বিশাল পদযাত্রা হবে। পাশাপাশি ৩ মার্চ বুথে বুথে পালিত হবে ‘বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে’ অনুষ্ঠান এবং ৪ মার্চ দোল উৎসবের দিন প্রতিটি জেলায় আয়োজিত হবে রক্তদান শিবির। ভোটের আবহে নারী ও পিছিয়ে পড়া শ্রেণির সমর্থন আদায়ে এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

