নারী সুরক্ষায় মমতার বড় ঘোষণা: শহরে বসছে ‘পিঙ্ক বুথ’, টহল দেবে ‘শাইনিং’ – এবেলা
এবেলা ডেস্কঃ
February 28, 202611:55 am
নারী নিরাপত্তা জোরদার করতে শনিবার থেকেই কলকাতার রাজপথে বিশেষ পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চালু হচ্ছে সর্ব-মহিলা পরিচালিত ‘পিঙ্ক বুথ’। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই বুথগুলিতে মহিলারা সরাসরি অভিযোগ জানানো বা জরুরি সহায়তা পাবেন। মহিলা পুলিশকর্মীরাই এই ব্যবস্থার সম্পূর্ণ দায়িত্বে থাকবেন।
একইসঙ্গে রাত ৮টা থেকে ২টো পর্যন্ত শহরের প্রধান সড়কগুলোতে টহল দেবে বিশেষ মহিলা মোবাইল প্যাট্রোল টিম ‘শাইনিং’। বিশেষ করে ইএম বাইপাসসহ ব্যস্ত রাস্তাগুলোতে কর্মজীবী মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই নজরদারি চালানো হবে। মুখ্যমন্ত্রীর মতে, এই উদ্যোগ শহরের নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং কলকাতার নিরাপদ তকমা বজায় রাখতে সহায়তা করবে।
সম্প্রতি পুলিশ কমিশনার পদে সুপ্রতিম সরকারের যোগদানের পর থেকেই শহরের আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি সক্রিয়তা দেখা যাচ্ছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য সরকারের এই জোড়া পদক্ষেপ প্রশাসনিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শনিবার সন্ধ্যা থেকেই কলকাতা পুলিশের এই নতুন দুই পরিষেবা কার্যকর হতে শুরু করছে।

