নার্সিংহোমের চরম গাফিলতি: মৃত ঘোষিত হওয়ার ৫ ঘণ্টা পর প্রাণ ফিরে পেল সদ্যোজাত – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠল। মৃত ঘোষিত হওয়ার দীর্ঘ পাঁচ ঘণ্টা পর প্লাস্টিকের প্যাকেট খুলতেই নড়েচড়ে উঠল এক সদ্যোজাত কন্যাসন্তান। বুধবার বিকেলে পূর্ব পোলতা গ্রামের বাসিন্দা রুবিনা পারভিন একটি বেসরকারি হাসপাতালে শিশুকন্যাটির জন্ম দেন। জন্মের পরই কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে দেহটি প্লাস্টিকে মুড়ে পরিবারের হাতে তুলে দেয়।
বাড়ি ফিরে রাত ১০টা নাগাদ দাফনের প্রস্তুতির সময় প্লাস্টিক খুলতেই নড়াচড়া করতে দেখা যায় শিশুটিকে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি সেখানে সিসিইউতে চিকিৎসাধীন এবং তার মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। নার্সিংহোম কর্তৃপক্ষের এই অমানবিক উদাসীনতায় এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই ঘটনায় সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সদ্যোজাতের পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শিশুর স্বজনরা। জনমানসে এই ঘটনা চিকিৎসায় গাফিলতি নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

