নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দলে ফিরছেন শ্রেয়স আইয়ার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনজুরিতে পড়ার পর অবশেষে জাতীয় দলে ফিরছেন তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার। চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে না পারলেও, আসন্ন নিউজিল্যান্ড সিরিজের আগে তিনি ফিট হয়ে উঠেছেন। বর্তমানে বেঙ্গালুরুতে রিহ্যাবে থাকা এই ক্রিকেটার নিউজিল্যান্ড সফরের প্রস্তুতির অংশ হিসেবে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে মাঠে নামার পরিকল্পনা করছেন।
বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, শ্রেয়স আগামী ২ জানুয়ারি জয়পুরে মুম্বই শিবিরে যোগ দেবেন। ৩ ও ৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে দুটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে তার। বোর্ড মনে করছে, সরাসরি আন্তর্জাতিক মঞ্চে নামার আগে এই ম্যাচগুলো তার আত্মবিশ্বাস বাড়াবে। শ্রেয়সের প্রত্যাবর্তনে ভারতীয় মিডল অর্ডার আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

