নিখোঁজ ডায়েরি করতেই প্রেমিককে নিয়ে সটান থানায় হাজির কলেজ ছাত্রী, বাবার সামনেই নিলেন বড় সিদ্ধান্ত – এবেলা
এবেলা ডেস্কঃ
সরস্বতী পুজোর দিন প্রেমিকের হাত ধরে নিখোঁজ হওয়া নন্দকুমারের এক কলেজ ছাত্রীকে নিয়ে থানায় তুলকালাম কাণ্ড ঘটে গেল। মহারাজা নন্দকুমার মহাবিদ্যালয়ের ইংরেজি অনার্সের ওই ছাত্রী দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় চিন্তিত বাবা থানায় মিসিং ডায়েরি করেন। কিন্তু ডায়েরি করার কিছুক্ষণের মধ্যেই সকলকে চমকে দিয়ে ২০ বছর বয়সী ওই ছাত্রী তাঁর প্রেমিককে সঙ্গে নিয়ে সটান থানায় হাজির হন। পুলিশের উপস্থিতিতেই বাবার সামনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি প্রাপ্তবয়স্ক এবং স্বেচ্ছায় নিজের ভালোবাসার মানুষের সঙ্গে সংসার করতে চান।
নারায়ণপুর গ্রামের বাসিন্দা ওই ছাত্রীর প্রতিবেশী যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, যা বেকারত্বের কারণে পরিবার মেনে নেয়নি। থানায় গ্রাম কমিটির সদস্যদের সামনেই যুবতী জেদ ধরেন যে তিনি আর বাড়ি ফিরবেন না এবং তাঁর সিদ্ধান্তে যেন কেউ হস্তক্ষেপ না করে। মেয়ের এমন অনড় মনোভাব দেখে পুলিশ ও উপস্থিত পরিজনরা অবাক হয়ে যান। শেষ পর্যন্ত ছাত্রীর বাবা পিছু হটতে বাধ্য হন এবং ওই যুগল থানা থেকে বেরিয়ে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। নন্দকুমার থানা জানিয়েছে, ছাত্রী নিখোঁজ নন বরং স্বেচ্ছায় নিজের জীবনসঙ্গী বেছে নিয়েছেন বলে লিখিত জানিয়ে গেছেন।

