নিজের কেন্দ্রে বাধার মুখে দিলীপ ঘোষ, রেল শহর খড়্গপুরে তুঙ্গে উত্তেজনা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে প্রচারের ময়দানে নেমে বেনজির বিক্ষোভের মুখে পড়লেন খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে শহরের পুরীগেট এলাকায় চা-চক্র কর্মসূচিতে অংশ নিতে গেলে তাঁকে ঘিরে ধরে স্থানীয়দের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে উত্তেজিত জনতা প্রার্থীর গাড়ি ভাঙচুরের চেষ্টাও চালায় বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় দীর্ঘক্ষণ স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীদের প্রধান অভিযোগ, রেলের উচ্ছেদ নোটিস ঘিরে যখন সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছিলেন, তখন স্থানীয় বিজেপি নেতৃত্ব বা খোদ দিলীপ ঘোষকে পাশে পাওয়া যায়নি। এলাকার ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দাবি, বিপদের সময় এলাকায় না এলেও ভোটের মুখে ফের জনসমর্থন চাইতে আসায় এই স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। স্থানীয়রা কথা বলতে চাইলেও প্রার্থী তাতে গুরুত্ব দেননি বলে অভিযোগ তুলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একদিকে ‘জয় বাংলা’ এবং অন্যদিকে ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে রণক্ষেত্রের চেহারা নেয় পুরীগেট এলাকা।
উল্লেখ্য, ২০১৬ সালে এই খড়্গপুর সদর থেকেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন দিলীপ ঘোষ। তবে মাঝের কয়েক বছর এই কেন্দ্রে তিনি সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন না। এবার ফের পুরনো কেন্দ্রে প্রার্থী হয়েই চেনা ভঙ্গিতে পুলিশ ও বিরোধীদের হুঁশিয়ারি দিচ্ছিলেন তিনি। উত্তরপ্রদেশ মডেলে এনকাউন্টার বা পুলিশের ভোল পাল্টে দেওয়ার মতো মন্তব্য করে তিনি যখন রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছিলেন, ঠিক তখনই খোদ নিজের গড়ে এই জনরোষ তাঁকে বিড়ম্বনায় ফেলল। শেষ পর্যন্ত বিক্ষোভের তীব্রতা বাড়তে দেখে এলাকা ছাড়তে বাধ্য হন বিজেপি প্রার্থী ও তাঁর অনুগামীরা।
